প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫
বনানীতে স্পা আড়ালে মানবপাচার: ছয়জন গ্রেপ্তার, ১২ নারী উদ্ধার
জুলিয়া জাহান, News Editor ||
রাজধানীর বনানীতে স্পা সেন্টারের আড়ালে মানবপাচার ও জোরপূর্বক যৌনবৃত্তি পরিচালনার অভিযোগে ছয় সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই অভিযানে অপ্রাপ্তবয়স্ক ৭ কিশোরীসহ মোট ১২ নারীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট বনানীর রিল্যাক্স জোন বিউটি পার্লার অ্যান্ড সেলুনে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তাররা হলেন— মো. জাহাঙ্গীর আলম (৩৭), মো. রাকিবুল ইসলাম (২৫), গোলাম মোর্শেদ ওরফে সৌমিক (২৬), মো. রাব্বি ইব্রাহীম (২৩), জহিরুল (৩৩) এবং শ্যামল কুমার (৪৭)।বৃহস্পতিবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বনানীর একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে স্পা সেন্টারের আড়ালে মানবপাচার ও জোরপূর্বক যৌনবৃত্তির কাজ চালিয়ে আসছিল চক্রটি। দেশের বিভিন্ন জেলা থেকে প্রলোভন দেখিয়ে আনা অল্পবয়সী কিশোরীদের ওই ফ্ল্যাটের আলাদা কক্ষে আটকে রাখা হতো। ভুক্তভোগীদের বরাতে তিনি আরও জানান, উচ্চ বেতনের চাকরি, নিরাপদ পরিবেশ, বিউটি পার্লারে প্রশিক্ষণ ও থাকার সুবিধার কথা বলে কিশোরীদের ঢাকায় আনা হতো। পরে ভয়ভীতি দেখিয়ে ও বিভিন্ন হুমকি দিয়ে তাদের বাধ্যতামূলকভাবে যৌন কাজে নিযুক্ত করা হতো।আরও পড়ুন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে যানবাহন চলাচলে বিকল্প সড়কসিআইডি জানায়, ভবনের মালিক পলাতক দেলোয়ার হোসেন ফ্ল্যাটটি অবৈধ কাজে ব্যবহার হবে জেনেও ভাড়া দিয়েছিলেন, এমন প্রাথমিক প্রমাণ মিলেছে। দেশবাসীকে মানবপাচারকারী চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। সংস্থাটির ভাষ্য, এই ধরনের চক্র সাধারণত দরিদ্র ও প্রান্তিক পরিবারের কিশোরীদের টার্গেট করে। সন্দেহজনক চাকরির অফার বা অস্বাভাবিক প্রলোভন পেলে পরিবারের সতর্ক হওয়া জরুরি। ঘটনার পর সিআইডি বাদী হয়ে বনানী থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর অধীনে মামলা দায়ের করেছে। মামলায় স্পা সেন্টারের মালিক মোবারক আলী ওরফে সবুজ (৩৬) এবং ভবনের মালিক মো. দেলোয়ার হোসেনকেও অভিযুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত