প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত কাজের আহ্বান নবাগত ওসি মুহিববুল্লাহ
জুলিয়া জাহান, News Editor ||
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মুহিববুল্লাহকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় থানার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সোনারগাঁয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ এবং জনগণের ভোগান্তির নানা বিষয় তুলে ধরেন। তারা নতুন ওসির কাছে নাগরিক সেবাকে আরও সহজতর করা এবং থানা প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার অনুরোধ জানান। ওসি মুহিববুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী অঞ্চল। এ এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম দায়িত্ব। মাদক নির্মূল, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে সাংবাদিকরা সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের গঠনমূলক বক্তব্য ও সমালোচনা পুলিশি কার্যক্রমে আরো গতি এনে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা নতুন ওসিকে অভিনন্দন জানিয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় শেষে ওসি মুহিববুল্লাহ সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং যে কোনো অভিযোগ, সমস্যা বা জনদুর্ভোগের বিষয়ে থানার দরজা সবসময় খোলা থাকবে বলে আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত